অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান চলবে: হাইকোর্ট - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান চলবে: হাইকোর্ট

জনবার্তা প্রতিবেদন
মার্চ ২১, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের গাউছিয়া টুইন পিক টাওয়ারে থাকা অনুমোদনহীন ১৩ রেস্টুরেন্ট সিলগালাই থাকবে বলে জানিয়েছেন হাইকোর্ট। দেশের উচ্চ আদালত বলেছেন, পিক অ্যান্ড চুজ নয়, অনুমোদনহীন সব রেস্তোরাঁয় অভিযান অব্যাহত রাখতে হবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাজউকের অভিযানে সিলগালা হওয়া ধানমন্ডির সাত মসজিদ রোডের গাউছিয়া টুইন পিক টাওয়ারের ১৩ রেস্টুরেন্ট খুলতে চেয়ে করা আবেদনে সাড়া দেননি বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।

এদিন শুনানিতে উপস্থিত ছিলেন অভিযান পরিচালনাকারী রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।

রাজউকের আইনজীবী অ্যাডভোকেট ইমাম হাসান সাংবাদিকদের বলেন, আদালত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা শুনেছেন, রেস্তোরাঁখাতে শৃঙ্খলা ফেরাতে আইন অনুযায়ী অভিযান চালু রাখতে বলেছেন।

এর আগে হাইকোর্টের অপর একটি বেঞ্চ বেইলি রোড ট্র্যাজেডির পর বিভিন্ন রেস্টুরেন্টে অভিযানে গ্রেফতার রেস্তোরাঁ শ্রমিকদের তালিকা চেয়েছিলেন। সে সময় ঢালাওভাবে শ্রমিকদের গ্রেফতার করা কেন অবৈধ হবে না, তা চেয়েও রুল জারি করা হয়।

গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের নিচতলায় আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ভয়াবহ এই আগুনে মারা গেছেন ৪৬ জন। এ ঘটনায় ১ মার্চ পুলিশ রমনা থানায় মামলা করে।

এরপর থেকেই রেস্তোরাঁগুলোতে ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ও অনিয়ম তদারকি করতে একযোগে মাঠে নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), সিটি করপোরেশন, ফায়ার সার্ভিসসহ সরকারি বেশ কয়েকটি সংস্থা। অভিযানে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতে সাজাসহ অনেক প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়ায় হোটেল সংশ্লিষ্টদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় সরকারি সংস্থাগুলোর চালানো এসব অভিযানের সমালোচনা করে রেস্তোরাঁ মালিক সমিতি একে ‘হয়রানি’ বলছে।