ঢাকাসহ সারাদেশে নতুন করে কর্মসূচি দিয়েছে বিএনপি। সরকার পতনের এক দাবিতে তাদের এই কর্মসূচি ঘোষণার পর যুগপৎ আন্দোলন সঙ্গী ১২ দলীয় জোটও ৩ অক্টোবর পর্যন্ত মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে শুরু হবে দলগুলোর কর্মসূচি।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোট সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা ঢাকা মেইলকে এই তথ্য জানিয়েছেন।
এহসানুল হুদা বলেন, সরকার পতনের দাবিতে ২১ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর রাজধানীসহ সারাদেশে ছয়টি কর্মসূচি পালন করা হবে।
এর আগে সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে কল্যাণ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ১২ দলীয় জোটের সভায় সর্বসম্মতভাবে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্মসূচির বিষয়ে এহসানুল হুদা জানান, ২১ সেপ্টেম্বর সিলেট জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে। ২২ সেপ্টেম্বর ঢাকায় বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও একই জায়গায় ২৯ সেপ্টেম্বর মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
পরে ২ অক্টোবর ঢাকায় খিলগাঁও জোড়া পুকুর মাঠের সামনে থেকে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। ৩ অক্টোবর কুমিল্লা মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে। ৩ অক্টোবর চট্টগ্রাম মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে।
