সাবেক এমপি হেনরী ও তার স্বামী লাবু ৭ দিনের রিমান্ডে - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপি হেনরী ও তার স্বামী লাবু ৭ দিনের রিমান্ডে

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী ও তার স্বামী সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর ৭দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরপর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২ অক্টোবর) দুপুর ৩টার দিকে সদর থানা পুলিশ তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হওয়া রঞ্জু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এসময় রিমান্ডের বিরোধিতা করেন আসামি পক্ষের আইনজীবীরা। পরে দীর্ঘ প্রায় ৩২ মিনিট শুনানি শেষে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলী আদালত) এর বিচারক মো. রাসেল মাহমুদ তাদের দুজনের ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন ও তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার ও সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদুর রহমান।

তারা বলেন, তাদের নামে ৩টি হত্যা ও একটি অস্ত্র আইনে মামলা রয়েছে। তিনটিতেই তারা এজাহার নামীয় আসামি। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হওয়া জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। এই মামলায় জান্নাত আরা হেনরী ৭নাম্বার ও তার স্বামী শামীম তালুকদার লাবু ৯ নাম্বার আসামি। পরে মামলার তদন্ত কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবীরা তার বিরোধিতা করেন ও আমরা বাদীপক্ষের আইনজীবীরা রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করি। পরে বিজ্ঞ আদালত তাদের ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন ও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, ৪ আগস্ট জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, ছাত্রদলের সদস্য মো. সুমন ও যুবদলের কর্মী আব্দুল লতিফ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ হত্যাকাণ্ডের ঘটনায় গত (২২ আগস্ট) রাতে নিহত রঞ্জুর স্ত্রী পৌরসভার মাছুমপুর মহল্লার মৌসুমী খাতুন, ছাত্রদলের কর্মী নিহত সুমনের বাবা শহরের গয়লা মহল্লার গঞ্জের আলী এবং একই মহল্লার নিহত যুবদল কর্মী আব্দুল লতিফের বোন মোছা. সালেহা খাতুন বাদী হয়ে এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করে তিনটি হত্যা মামলা দায়ের করেন।

এই তিনটি হত্যা মামলা ছাড়াও সরকারি নির্দেশ মোতাবেক তাদের লাইসেন্সকৃত অস্ত্র ও গুলি জমা না দিয়ে নিজ দখলে রাখা এবং পরে তাদের সেই অস্ত্র ও গুলি সদর উপজেলার একটি নির্মাণাধীন মসজিদের সিঁড়ির নিচ থেকে উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা হয়। এই চারটি মামলার এজাহারভুক্ত আসামি তারা।

এর আগে, মৌলভীবাজার জেলার বর্ষীজোড়া গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ বিশেষ নিরাপত্তার মধ্যে দিয়ে তাদেরকে আদালতে আনা হয়। এসময় তাদের শাস্তি চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন ছাত্র প্রতিনিধি, নিহতের স্বজন ও বিভিন্ন পর্যায়ের মানুষ।