বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার ফ্যাসিস্ট সরকার। এদের কাছে গণতন্ত্র, মানুষ এবং জনগণ কিছুই নিরাপদ নয়।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শরমিতা হাসপাতালে আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে গিয়ে গণমাধ্যমে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার সারাদেশে সন্ত্রাস করে, জনগণের ওপর অত্যাচার করে পুনরায় ক্ষমতায় আসতে চায়। কিন্তু জনগণ এবার তা রূখে দাঁড়াবে।
বিএনপি মহাসচিব বলেন, কুমিল্লার লালমাই থানার একটি বাসায় এক সাংগঠনিক সভা চলাকালে স্থানীয় মন্ত্রী-এমপির ভাইয়ের নেতৃত্বে হামলা চালানো হয়। এমনভাবে হামলা চালানো হয়েছে আহতরা বাঁচতে নাও পারতো। এমনকি গুলিও চালানো হয়েছে। এখানে কয়েকজন গুলিবিদ্ধ কর্মী চিকিৎসাধীন আছেন।
তিনি আরও বলেন, পরিস্থিতি সরকার এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে, মফস্বলে বাসায় বসে সভা করলে বাসায়ও অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হচ্ছে। এগুলো করে তারা দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ড্যাবের নেতা ডা. সিরাজুল ইসলাম, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
