শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৯, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেড বেতনসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলনের সময় পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহারের ঘটনা দুঃখজনক ও অপ্রত্যাশিত বলে মনে করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

রবিবার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সরকারকে শিক্ষক সমাজের তিন দফা যৌক্তিক দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে সমাধান করতে হবে। আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহারের ফলে শতাধিক শিক্ষক আহত হয়েছেন, যা শিক্ষাজগতের জন্য খুবই বেদনাদায়ক।’

তিনি আরও বলেন, ‘শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন, যা শিক্ষার্থী, অভিভাবক ও সমগ্র জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে। অচিরেই বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ সময় শিক্ষাব্যবস্থা অচল হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কোমলমতি ছাত্র-ছাত্রীরা। শিক্ষার ক্ষতি যে কোনো জাতির জন্য অপূরণীয়—এ বিষয়টিও শিক্ষক সমাজকে বিবেচনায় আনতে হবে।’

মিয়া গোলাম পরওয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কঠোর অবস্থান থেকে সরে এসে শিক্ষক সমাজের দাবিকে যৌক্তিকভাবে বিবেচনা করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক। শিক্ষকদের দ্রুত ক্লাসে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে সরকার সচেষ্ট হোক।’