রাস্তা থেকে উদ্ধার অভিনেতার মৃতদেহ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাস্তা থেকে উদ্ধার অভিনেতার মৃতদেহ

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৫, ২০২৩ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

প্রয়াত তামিল অভিনেতা মোহন। মাদুরাইয়ের থিরুপারঙ্কুন্দ্রমের একটি রাস্তা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৬০ বছর।

দীর্ঘদিন ধরেই চরম দারিদ্রের মধ্যে দিন গুজরান করছিলেন মোহন। অভিনয়ের সুযোগ না পেয়ে হন্যে হয়ে চাকরিও খুঁজছিলেন। কয়েক বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর তিনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে শুরু করেন। সালেম জেলায় নিজের বাড়ি থাকা সত্ত্বেও আর্থিক দুরবস্থার জন্য চ্যারিয়ট রোডের কাছে রাস্তার ধারেই থাকতেন তিনি। পুলিশের অনুমান, দীর্ঘ অনাহারে এবং শারীরিক অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার।

সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত ৩১ জুলাই রাস্তার ধারে মোহনের মৃতদেহ পাওয়া যায়। থিরুপারঙ্কুন্দ্রম পুলিশ ময়নাতদন্তের জন্য তার দেহ মাদুরাইয়ের সরকারি হাসপাতালে পাঠায়। এরপর পুলিশ সালেমে তার পরিবারের সদস্যদের হাতে দেহ তুলে দেয়। মোহনের দুই ভাই এবং তিন বোন রয়েছেন। তারা সবাই সালেমে থাকেন।

আশির দশকের গোড়া থেকে নব্বই দশকের মাঝামাঝি পর্যন্ত তামিল চলচ্চিত্র জগতে একটি সুপরিচিত নাম হয়ে উঠেছিলেন মোহন। বড় বড় ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যেত তাকে। ১৯৮৯ সালে জনপ্রিয় তামিল ছবি ‘অপূর্ব সগোধরারগল’-এ (যা পরবর্তীকালে হিন্দিতে ‘আপ্পু রাজা’ নামে প্রকাশিত হয়েছিল) অভিনেতা কমল হাসানের বন্ধুর চরিত্রে তার অভিনয় এখনও দর্শকদের মনে রয়েছে।