রাজশাহীতে ১ ডিসেম্বর থেকে পরিবহন ধর্মঘট - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ১ ডিসেম্বর থেকে পরিবহন ধর্মঘট

জনবার্তা প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২২ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মহাসড়ক থেকে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধ না করা হলে আগামী ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদ। গতকাল শনিবার বিকেল নাটোরে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের রাজশাহী বিভাগীয় যৌথ সভা শেষে এ তথ্য জানানো হয়।

রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, আমাদের ১১ দফা দাবি বাস্তবায়নের জন্যই এ ধর্মঘট। বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদের সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব জানান, এটা আমাদের দুই মাস আগের কর্মসূচি। দাবি মানলেই ধর্মঘট প্রত্যাহার হয়ে যাবে। বিএনপির সমাবেশ ঠেকাতে নয়, পরিবহন মালিক-শ্রমিকরা তাদের ন্যায্য দাবির পক্ষে কর্মসূচি ঘোষণা করেছে।

সভায় নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, বগুড়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পাবনা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মমিনুল হক মোমিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান, সিরাজগঞ্জ বাস-কোচ মালিক সমিতির সভাপতি আতিকুল ইসলাম আতিক, চাপাঁইনবাবগঞ্জ মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, নাটোর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল ইসলাম, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে আগামী ৩ ডিসেম্বর রাজশাহতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ধর্মঘটের এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ৩ ডিসেম্বরের গণসমাবেশে বাধা দিতে এ ধর্মঘট ডাকা হয়েছে। কুমিল্লায় ধর্মঘট না দেওয়ায় আমরা ভেবেছিলাম মালিক শ্রমিকদের মধ্যে শুভবুদ্ধির উদয় হয়েছে। কিন্তু রাজশাহী বিভাগে তারা সরকারের চাপে এ ধর্মঘট ডেকেছে। ধর্মঘটকে উপেক্ষা করে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবে।