যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সিরিজের ভেন্যুতে টর্নেডোর হানা, সিরিজ নিয়ে শঙ্কা - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সিরিজের ভেন্যুতে টর্নেডোর হানা, সিরিজ নিয়ে শঙ্কা

জনবার্তা প্রতিবেদন
মে ১৮, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

শঙ্কায় যুক্তরাষ্ট্র-বাংলাদশে টি টোয়েন্টি সিরিজ। টর্নেডোর আঘাতে সিরিজের ভেন্যু টেক্সাসের হিউস্টনের মাঠ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। তবে নিরাপদে আছেন ক্রিকেটাররা। বিদ্যুৎ বিচ্ছিন্ন দশ লাখেরও বেশি মানুষ। পরিস্থিতি স্বাভাবিক হতে সপ্তাহখানেক সময় লাগবে, জানিয়েছেন হিউস্টনের মেয়র।

রীতিমত ধ্বংস্তুপ বলতে যা বোঝায় উপরোক্ত ছবিটা তারই উদাহরণ। অথচ প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের এই মাঠে আগামী মঙ্গলবার (২১ মে) থেকে শুরু হবার কথা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ। গ্যালারি থেকে প্রেস বক্স, সাইট স্ক্রিন থেকে ক্যামেরার রাইজার সবই অস্থায়ীভাবে আনা হয়েছিল। ভেঙে পড়েছে বৃহস্পতিবারের টর্নেডোতে।

ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা পেন্না তার এক্স একাউন্টে শনিবার এই ছবিটি পোস্ট করেন। তাতেই শঙ্কায় সিরিজের স্বাভাবিক শুরু। বৃষ্টি মাথায় নিয়ে টেক্সাসের হিউস্টনে শুক্রবার (১৭ মে) ভোরে পৌঁছায় বাংলাদেশ দল। তার আগেই বয়ে গেছে বিধ্বংসী সেই টর্নেডো।

হিউস্টন ছাড়াও লুজিয়ানায় এই টর্নেডো রেখে গেছে তার ধ্বংসচিহ্ন। নিহত হয়েছে অন্তত সাতজন। ঘণ্টায় ৭১ থেকে ১০০ মাইল বেগে বয়ে গেছে বাতাস। পানির তোড়ে ভেসে গেছে রাস্তা। ভেঙ্গে গেছে সুউচ্চ ভবনের গ্লাস।

বিদ্যুত বিচ্ছিন্ন ছয় লাখের বেশি বাসা ও অফিস। এক মিলিয়ন মানুষ বিদ্যুতের বাইরে। বন্ধ করে দেয়া হয়েছে স্কুল। বিপর্যয় সামাল দিতে দিন-রাত কাজ করছে হিউস্টন ফায়ার ডিপার্টমেন্ট।

হিউস্টন ফয়ার ডিপার্টমেন্টের প্রধান স্যামুয়েল পেনা বলেন, যে বিপর্যয়ের মুখোমুখি হয়েছি তা সামলে নিতে দিন নয় সপ্তাহের কথা বলতে হচ্ছে।

শহরটির মেয়র জন হুইটমায়ার এই বিপর্যয়কে ২০০৮ সালের হারিকেন আইকের সঙ্গে তুলনা করে বলেন, আমাদের উদ্ধারকর্মীরা দিন-রাত কাজ করছে। তাদের সহযোগিতা করবেন। আর ক্ষতিগ্রস্ত জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করবেন।

প্রাকৃতিক বিপর্যয়ে জীবন ও জানমালের নিরাপত্তা যেখানে সবার আগে সেখানে ক্রিকেটের কথা ভাবার সময় কার। তবে মাঝের তিনদিনে আবারও খেলার উপযোগী হতেও বাধা নেই প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠ।