যারা হত্যার সঙ্গে জড়িত তাদের দিয়ে তদন্ত সম্ভব নয় : মান্না - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যারা হত্যার সঙ্গে জড়িত তাদের দিয়ে তদন্ত সম্ভব নয় : মান্না

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৯, ২০২৪ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

আবু সাঈদ হত্যা প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যারা হত্যার সঙ্গে জড়িত তাদের দিয়ে তদন্ত সম্ভব নয়। পুলিশকে ঢেলে সাজাতে হবে।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে রংপুরে নাগরিক ঐক্যের কর্মী সমাবেশে এ কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা ক্ষমতার পাগল হইনি। এই সরকারের ওপর আস্থা রাখতে চাই। রক্তের যেহেতু এখনো দাগ শুকায়নি, তাই ভোট এখনই নয়। রাষ্ট্র সংস্কার করতে এ সরকারের যত সময় লাগে দিতে হবে। এ ছাড়া নতুন বাংলাদেশ গড়তে ক্ষমতা বিকেন্দ্রীকরণসহ সর্বত্র সংস্কার করতে হবে। এমন কোনো বিধান রাখা চলবে না যেখানে প্রধানমন্ত্রী সব কিছু করার ক্ষমতা রাখবেন।

তিনি বলেন, পুলিশ অত্যাচার করে পালিয়েছে। পুলিশ জনবান্ধব করে তুলতে হবে। আওয়ামী লীগ লুট করেছে বলে সারা দেশে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবছর লাখ লাখ টাকা লুট হয়েছে। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আইন, বিচার, শিক্ষা, অর্থনীতির সংস্কার চাই।

নাগরিক ঐক্যের সভাপতি আরও বলেন, এখন যারা ক্ষমতায় আছে তারা কেউ চোর না। তাদের ওপর আস্থা রাখতে চাই। টাকার জোরে কেউ ভোট করতে পারবে না। টাকার জোরে কেউ পুলিশ আনতে পারবে না। পুলিশকে সংস্কার করেই সুষ্ঠু নির্বাচন দিবে। যতদিন সময় লাগে লাগুক। আগামী দিন এই বাংলাদেশকে আবার যারা পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাদের রুখে দিতে হবে। এক সাঈদ জীবন দিয়ে সারা দেশের মানুষকে বিজয় এনে দিতে উদ্বুদ্ধ করেছেন।

অনুষ্ঠানে নাগরিক ঐক্য নেতাকর্মী ছাড়াও ভাষানী অনুষদের নেতারা অংশ নেন।