মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখালেন আদালত - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখালেন আদালত

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৫, ২০২৩ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

রোববার (৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত তাকে গ্রেফতার দেখান।

এ সময় আইনজীবী মহিউদ্দিন চৌধুরী জামিন চেয়ে আবেদন করেন। এর আগে গত ২ নভেম্বর এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য ছিল। তবে মির্জা আব্বাস অন্য মামলায় রিমান্ডে থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। এজন্য আদালত ৫ নভেম্বর তাকে আদালতে হাজিরের জন্য কারা পরোয়ানা জারি করেন। গত ৩১ অক্টোবর আদালত সময়ের আবেদন না মঞ্জুর করে মির্জা আব্বাসের জামিন বাতিল করে গ্রেফতার পরোয়ানা জারি করেন।

মির্জা আব্বাসের বিরুদ্ধে আয়ের সঙ্গে সংগতিবিহীন ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট দুদকের উপপরিচালক মো. শফিউল আলম রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. খায়রুল হুদা আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে তার বিরুদ্ধে ৪ কোটি ২৩ লাখ টাকার সম্পদ অর্জন ও ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ১৬ জুন আদালত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালীন আদালত ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।