মাগুরায় ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৮, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

মাগুরার মহম্মদপুরে ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার (৭ আগস্ট) রাতে উপজেলা সদরের আউনাড়া এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ডাকাতি হওয়া স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন—জুয়েল ওরফে রুবেল (৩১), আল আমিন (২০), দেলোয়ার (৩৪), সৌরভ মোল্লা (২২), মোহাম্মদ আজিজুল (২০), মো. রাজা মিয়া (২১), মো. আবু তালেব মোল্লা (২৫) ও জালাল উদ্দীন (৩০)। তারা সবাই উপজেলার দীঘা ইউনিয়নের আউনাড়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

গত ১৭ জুন রাতে উপজেলার আউনাড়া গ্রামে প্রহল্লাদ মণ্ডলের বাড়িতে ডাকাতি হয়। গ্রেফতার ব্যক্তিরা এ ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, আউনাড়া বাজারে একদল ডাকাত কোনো বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে মহম্মদপুর থানার পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় চার ডাকাতকে গ্রেফতার করে। এরপর গ্রেফতারদের দেওয়া তথ্যের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ওই রাতেই আরও চারজনকে গ্রেফতার করা হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, ডাকাতরা পুলিশের কাছে স্বীকার করেছেন যে, তারা বিভিন্ন জায়গায় ডাকাতির সঙ্গে যুক্ত। গ্রেফতার ব্যক্তিদের নামে মামলা হয়েছে।