ভোট মানে সাক্ষী দেওয়া, সমর্থন করা: চরমোনাই পীর - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোট মানে সাক্ষী দেওয়া, সমর্থন করা: চরমোনাই পীর

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘নামাজ, রোজা যেমন ইবাদত; তেমনি আল্লাহর হুকুম অনুযায়ী ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করাও ইবাদত। ভোট মানে সাক্ষী দেওয়া, সমর্থন করা। তাই বুঝেশুনে সেই সমর্থন দেওয়া উচিত।’

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পূর্ব পাড়ে সৈয়দ ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে শুরু হওয়া তিন দিনের ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যানারে আয়োজিত এই ইজতেমায় দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকাল নয়টায় মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর। এ সময় তিনি বলেন, ‘দুনিয়া ও আখিরাতে কামিয়াব হতে হলে আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে।’

এর আগে গত বৃহস্পতিবার সকালে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে শুরু হয় ইজতেমা।

নাগেশ্বরী উপজেলা থেকে আসা মুসল্লি আজিজার রহমান বলেন, ‘আমি প্রতিবছর ইজতেমায় আসি, এবারও আসছি। এবার হাজার হাজার মানুষ এসেছে। আজ সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হলো। এত মানুষের সঙ্গে মোনাজাত করে ভালো লাগছে।’