ভারত-পাকিস্তান মহারণে ব্যাটিংয়ে রোহিতরা - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারত-পাকিস্তান মহারণে ব্যাটিংয়ে রোহিতরা

জনবার্তা প্রতিবেদন
জুন ৯, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

আজ মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ। মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান। ফাইনালের আগে এ যেন আরেক ফাইনাল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঝে। ফাইনালে হয়তো কোনো দল শিরোপা জিতে, তবে এই দুই দেশের মহারণে জিতে যায় ক্রিকেট। ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন বলা যায় এই দুই দলের লড়াইকে। যেখানে সাধারণ একটা ম্যাচও হয়ে উঠে অসাধারণ, এখানে শিরোপা নয়, সম্মানটাই দেখা দেয় বড় হয়ে।

বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাই-ভোল্টেজ দ্বৈরথ শুরুর আগেই পূর্বাভাস সত্যি প্রমাণ করে নিউইয়র্কে দেখা মিলল বেরসিক বৃষ্টির। খেলা শুরুর নির্ধারিত সময়ের আগে যদিও বৃষ্টি থেমে যায়, তবে বৈরি আবহাওয়ার কারণে কিছু সময় পিছিয়ে দেওয়া হয় টস। অবশেষে কিছুটা বিলম্বে হলেও যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে টস জেতা মানেই যেন শুরুতে ফিল্ডিং নেওয়া অবধারিত। আজও ব্যতিক্রম হলো না। টস জিতে ভারতকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু হবে নির্ধারিত সময়ের আধঘণ্টা পর অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে। তবে কোনো ওভার কাটা যায়নি।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পর টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে আজ একাদশে এক পরিবর্তন এনেছে পাকিস্তান। আজম খানের জায়গায় একাদশে ফিরেছেন ইমাদ ওয়াসিম। অন্যদিকে, আইরিশদের বিপক্ষে জয়ে বিশ্বকাপ শুরু করা ভারত অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে।

শর্টার ফরম্যাটের এই খেলাতে ভারত- পাকিস্তান এ পর্যন্ত ১২টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৯ বারই জিতেছে ম্যান ইন ব্লুরা। পাকিস্তান জয়ের স্বাদ পেয়েছে কেবল ৩ বার। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের আধিপত্য আরও একপেশে। আগের সাতবারের দেখায় ভারত জিতেছে ৬ বার। অন্যদিকে পাকিস্তান জিতেছে মাত্র একবার,২০২১ সালে সেই বিখ্যাত ১০ উইকেটের জয়।

পাকিস্তানের একাদশ
মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ ও নাসিম শাহ।

ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আর্শদ্বীপ সিং ও মোহাম্মদ সিরাজ।