ভারত থেকে গরু আনতে গিয়ে একজনের মৃত্যু, থানায় মামলা - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারত থেকে গরু আনতে গিয়ে একজনের মৃত্যু, থানায় মামলা

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৮, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে কাঁটাতারের বেড়া থেকে পড়ে আবুল হোসেনের (৪০) মৃত্যুর ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) রাতে কালীগঞ্জ থানায় সাত জনের নাম উল্লেখ করে এ মামলা করেন নিহতের স্ত্রী তহুরা বেগম। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির।

নিহত আবুল হোসেন কালীগঞ্জ থানার সীমান্তবর্তী চন্দ্রপুর মাস্টারপাড়া গ্রামের মৃত মেহেরগেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , চোরাকারবারিরা এক সপ্তাহ আগে জাওরানী-বুড়িরহাট সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া টপকে ভারতে গরু আনতে যায়। এ সময় কাঁটাতারের ওপর থেকে পড়ে গুরুতর আহত হন আবুল হোসেন। সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুর ডক্টরস কমিউনিটি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে আবুল হোসেন মারা যান।

পরে স্বজনরা লাশ বাড়ি নিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহতের স্ত্রী তহুরা বেগম বলেন, ‘ময়নাতদন্তেরপর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আমার স্বামীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা করেছি। আমি এর সঠিক বিচার চাই।’

ওসি ইমতিয়াজ কবির বলেন, ‘ময়নাতদন্ত শেষে শুক্রবার মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আবুল হোসেনের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী সাত জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।’