ভারতের সঙ্গে করা গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ করুন: চরমোনাই পীর - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের সঙ্গে করা গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ করুন: চরমোনাই পীর

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, বিগত ১৫ বছরে শেখ হাসিনা ভারতের সঙ্গে যত গোপন চুক্তি করেছে, তা জনসম্মুখে প্রকাশ করে চুক্তিগুলো বাতিল করতে হবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মুফতী সৈয়দ রেজাউল করীম বলেন, সম্প্রতি ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কর্তৃক শীর্ষ সামরিক কর্মকর্তাদের বাংলাদেশ পরিস্থিতির ওপর নজর রাখা এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা প্রদানের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে প্রচ্ছন্নভাবে যুদ্ধের হুমকি দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা কারও সঙ্গে শত্রুতা চাই না, সবার সঙ্গে বন্ধুত্ব চাই। কিন্তু ভারত যদি আগ বাড়িয়ে আমাদের ওপর আক্রমণ করতে চায় তাহলে এদেশের ১৮ কোটি মানুষ জীবনের বিনিময়ে হলেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রেখে লড়াই করতে রাজি।

চরমোনাই পীর সাহেব বলেন, স্বাধীন বাংলাদেশের সার্বভৈামত্ব নিয়ে এবং অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবার অধিকার কোনো রাষ্ট্রের নেই। এই যুদ্ধপ্রস্তুতি কার বিরুদ্ধে রাজনাথ সিংকে তার পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। বাংলাদেশের স্বাধীনতা ও নাগরিকদের জান-মাল রক্ষায় এদেশের জনগণ সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, ভারত এখনও সীমান্ত হত্যা বন্ধ করেনি। প্রয়োজনের সময় পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে আর বর্ষাকালে বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারে। বন্ধুরুপী শত্রুর বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাকে সোচ্চার থাকতে হবে।

তিনি বলেন, ভারত বাংলাদেশকে হুমকি দিলে বাংলাদেশ সরকারকেও সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে।

সৈয়দ রেজাউল করীম বলেন, ফ্যাসিবাদী হাসিনার সরকার কেবল নিজেদের আখের গোছাতে দেশকে ভারতের করতলে নিয়ে গিয়েছিলো। এখন ভারতের রাহু মুক্তি হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ভারতের সঙ্গে স্বাক্ষরিত সকল গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ করে চুক্তিগুলোর ভালো-মন্দ বিশ্লেষণ করে চুক্তিগুলো বাতিল করুন। ভারতের স্বার্থে কোনো চুক্তি হতে পারে না।