বাংলাদেশ ইস্যুতে পিটার হাসের বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ, যা বলল যুক্তরাষ্ট্র - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ইস্যুতে পিটার হাসের বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ, যা বলল যুক্তরাষ্ট্র

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২৫, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে সরকারবিরোধী আন্দোলনের পরিকল্পনা করতে বিরোধী দলের একজন নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য উপস্থাপন করেছে।

শনিবার (২৪ নভেম্বর) রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে ঢাকার মার্কিন দূতাবাস থেকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের প্রতিক্রিয়া পাঠানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাতে প্রতিক্রিয়ায় বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে মারিয়া জাখারোভা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও পিটার হাসের বিভিন্ন বৈঠক বিষয়াদি ভুলভাবে উপস্থাপন করেছেন। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। বাংলাদেশের কোনো দলকে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দেয় না।

আরও বলা হয়েছে, বাংলাদেশের জনগণ যা চায়, আমরাও তাই চাই। সেটি হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যা শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হবে। আমাদের ও বাংলাদেশের জনগণ উভয়ের লক্ষ্য হচ্ছে— শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন।