বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সব পক্ষকে সহিংসতা এবং খেয়ালখুশি মতো আটক করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান দেখানোর ওপরও গুরুত্ব দিয়েছেন গুতেরেস।
সোমবার জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।
মুখপাত্র বলেন, মহাসচিব সব পক্ষকে সহিংসতা, অতিরিক্ত শক্তি প্রয়োগ অথবা খেয়ালখুশি মতো আটক করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান দেখানোর গুরুত্বের কথা জোর দিয়ে তুলে ধরেছেন তিনি।
ব্রিফিংয়ে বাংলাদেশি এক সাংবাদিক ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশ এবং ক্ষমতাসীন দলের সহিংসতা এবং পুলিশি গ্রেপ্তারের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে স্টিফেন ডুজাররিক বলেন, ‘সহিংসতায় সুস্পষ্টভাবে আমরা উদ্বিগ্ন। আমরা মনে করি উভয় পক্ষকে শান্ত থাকা গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘নির্বাচন ঘনিয়ে আসায় সব মানুষের মত প্রকাশের প্রতি শ্রদ্ধা দেখানো গুরুত্বপূর্ণ।’
