পুনঃতফসিল দিয়ে সেনাবাহিনীর অধীনে ভোট চেয়ে ফের রিট - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুনঃতফসিল দিয়ে সেনাবাহিনীর অধীনে ভোট চেয়ে ফের রিট

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২৭, ২০২৩ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

সংসদ ভেঙে পুনঃতফসিল দিয়ে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভোট চেয়ে আবারও একটি রিট করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল এই রিট করেন। রিটের পক্ষের আইনজীবী হলেন শিব্বির আহমেদ।

বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

গত ১০ ডিসেম্বর সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুনরায় তফসিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছিল গত ৮ মে উচ্চ আদালতের নির্দেশে রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন পাওয়া দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

রিট আবেদনে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নিয়োগ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিটে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ সচিব, মন্ত্রী পরিষদ সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়।

গত ২০ ডিসেম্বর তাদের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

সেদিন রিটের পক্ষের আইনজীবী বলেছিলেন, নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ না পাঠিয়ে সরাসরি রিট দায়ের করায় হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। এ কারণে গত ২১ ডিসেম্বর নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এরপর আজ ফের রিট দায়ের করা হলো।