নগরীতে হোটেল রুমে আটকে গৃহবধূকে ধর্ষণ, একজনের যাবজ্জীবন - জনবার্তা
ঢাকা, , |

নগরীতে হোটেল রুমে আটকে গৃহবধূকে ধর্ষণ, একজনের যাবজ্জীবন

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২৮, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় ডাক্তার দেখানোর কথা বলে হোটেল রুমে নিয়ে গৃহবধূকে (২০) ধর্ষণের দায়ে সেলিম রেজা (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. আব্দুস ছালাম খান রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদ আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট ফরিদ আহমেদ জানান, ভুক্তভোগী গৃহবধূ তার মায়ের চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন। সেখানে সেলিম রেজার সঙ্গে তার পরিচয় হয়। সেলিম রেজা গৃহবধূর মাকে ডাক্তার দেখানোর জন্য অনেক সাহায্য করায় তাদের মধ্যে মোবাইল নম্বর আদান-প্রদান হয়। পরবর্তীতে গৃহবধূর মায়ের অসুস্থতা বাড়ে। সেলিম রেজা আবারো ওই গৃহবধূকে তার মায়ের উন্নত চিকিৎসা করানোর জন্য খুলনায় ভারতীয় ডাক্তার দেখিয়ে দেওয়ার কথা বলেন। ২০১৯ সালের ১৮ অক্টোবর গৃহবধূকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে নগরীর সোনাডাঙ্গার মজিদ স্মরণী রোডের হোটেল এশিয়া ইন্টারন্যাশনালের একটি রুমে নিয়ে যান। সেখানে কৌশলে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেন সেলিম রেজা।

ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী ২০২০ সালের ৭ মার্চ সোনাডাঙ্গা থানায় মামলা করেন। ২০২১ সালের ৩১ জানুয়ারি সোনাডাঙ্গা থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. খলিদ উদ্দিন আদালতে মামলার চার্জশিট দাখিল করেন। আদালতে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন।