দিনাজপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ২ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ২

জনবার্তা প্রতিবেদন
জুন ১৩, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। তবে হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আমবাড়ি হাট থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় তিনজন যাত্রী নিয়ে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার দিকে যাচ্ছিল চালক। এ সময় ফুলবাড়ী উপজেলার বড়াইহাট গ্রামে পৌঁছালে ফুলবাড়ী উপজেলা থেকে দিনাজপুরগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী ও ইজিবাইকের চালক নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও দুইজন।

খবর পেয়ে ফুলবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে একজনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর আহত যাত্রীকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।

ফুলবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়।