দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তের কারণ হিসেবে যা জানা গেল - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তের কারণ হিসেবে যা জানা গেল

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২৯, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। বিমান দুর্ঘটনার কারণ বা কেন রানওয়ে থেকে ছিটকে গেল তা এখনো জানা যায়নি। যদিও পাখির কারণে ল্যান্ডিং গিয়ার অকার্যকর হয়ে এটি হতে পারে বলে জানিয়েছে বার্তাসংস্থা ইয়োনহাপ।

রোববার (২৯ ডিসেম্বর) জেজু এয়ারের বিমানটি বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে।

বার্তাসংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়, বিমানটি ১৭৫ জন যাত্রী এবং ছয়জন কেবিন ক্রু নিয়ে থাইল্যান্ড থেকে ফিরে যাচ্ছিল।

এদিকে, সত্যতা যাচাই করা যায়নি এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ছে এবং বিমানবন্দরের দেয়ালে গিয়ে আঘাত করছে। কিন্তু দেয়ালে আছড়ে পড়ার আগেই বিমানের এক অংশে আগুন ধরে যায়।

বার্তাসংস্থা ইয়োনহাপ জানিয়েছে, উদ্ধার অভিযান চলাকালে দুজনকে জীবিত পাওয়া গেছে। এছাড়া দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি চোই সাং-মু ‘উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার’ নির্দেশ দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৩২টি গাড়ি ঘটনাস্থলে কাজ করছে।