প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে। এছাড়া চট্টগ্রামে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষাও ২৭ আগস্ট থেকে শুরু হবে।
গত কয়েক দিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়িতে ব্যাপক জলাবন্ধতা সৃষ্টি হয়। এতে গত সপ্তাহ তিনদিন ওইসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
শুক্রবার (১১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ডের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
তিনি জানান, প্রাকৃতিক দূর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ এর আগামী ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে। তবে অন্যান্য বোর্ডসমূহের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
