ডেঙ্গুতে মৃত্যু দুশোর ঘরে - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে মৃত্যু দুশোর ঘরে

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে চলতি বছরে রোগটিতে মৃতের সংখ্যা দুশোর (২০০) ঘরে পৌঁছে গেল।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৯০ জন। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭ হাজার ৮৩২ জন।

বুধবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা।

আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬০ জন, ঢাকা বিভাগে ১০০ জন, ঢাকা উত্তর সিটিতে ৭৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৪ জন, ময়মনসিংহ বিভাগে ২৮ জন এবং রংপুর বিভাগে ২২ জন রোগী রয়েছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭৭ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৪৫ হাজার ২৭৩ জন।