টাইগার থ্রি: ইমরান হাশমির সঙ্গে লড়াই, ক্যাটরিনার তোয়ালে কাণ্ড - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টাইগার থ্রি: ইমরান হাশমির সঙ্গে লড়াই, ক্যাটরিনার তোয়ালে কাণ্ড

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৬, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঝড়ের আগাম আভাস দিয়েই প্রকাশ পেল সালমান খান ও ক্যাটরিনা কাইফের ‘টাইগার ৩’ সিনেমার বহু প্রতীক্ষিত ট্রেলার। অ্যাকশনে ভরপুর ২ মিনিট ৫১ সেকেন্ডের ট্রেলারে ভিলেন হিসেবে তাক লাগিয়েছেন ইমরান হাশমি, তোয়ালেকাণ্ডে ভক্তদের অবাক করেছেন ক্যাটরিনা, আর অ্যাকশনে মেজাজে সালমান বুঝিয়েছেন কেন তিনি বলিউডের সুলতান।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে প্রকাশিত ওই ট্রেলারের শুরুতেই দেখা গেছে সালমানের ‘লাভ’ সিনেমার নায়িকা রেভতীকে। যিনি বলছিলেন, ‘দেশের শান্তি আর দেশের শত্রুর মধ্যেকার ব্যবধান কতটা? মাত্র একজন ব্যক্তির’। এরপরই অ্যাকশন মুডে দেখা যায় টাইগারকে। অন্যদিকে প্রতিশোধের আগুনে জ্বলছেন ভিলেন ইমরান হাশমি। টাইগারের দেশ, পরিবার সব ধ্বংস করে দেওয়ার শপথ তার।

পুরো ট্রেলারজুড়ে কখনো মোটরসাইকেল, কখনো ঘোড়া, কখনো হারনেস থেকে ঝুলে বন্দুক চালাতে দেখা যায় সালমানকে। শুধু অ্যাকশন মুডে নয়, পরিবারের চিন্তায় কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় সালমানকে। কিন্তু তারপরও থেমে যেতে দেখা যায়নি তাকে। অন্যদিকে ট্রেলারে ক্যাটরিনা কাইফকেও বেশ কয়েকটি অ্যাকশন সিকুয়েন্সে দেখা গেছে। যেখানে অন্যতম চমক হিসেবে রয়েছে তোয়ালে জড়ানো অবস্থায় ক্যাটরিনার লড়াইয়ের দৃশ্য। যা বিশেষভাবে দর্শকদের নজর কেড়েছে।

বহুদিন ধরেই সালমানের এই সিনেমার অপেক্ষায় ছিলেন ভক্তরা। শোনা যাচ্ছে, ‘টাইগার থ্রি’তে অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে সালমানের সঙ্গে হাজির হবেন তিনি। তাদের অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন। যদিও ট্রেলারে শাহরুখের উপস্থিতি সেভাবে চোখে পড়েনি।

‘টাইগার থ্রি’ হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে আগামী ১০ নভেম্বর। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। ২০১৯ সালের ভারত সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান আর ক্যাটরিনাকে।