চার হাত, চার পা নিয়ে শিশুর জন্ম - জনবার্তা
ঢাকা, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চার হাত, চার পা নিয়ে শিশুর জন্ম

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১২, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ভারতের উত্তর প্রদেশে চারটি করে হাত-পা নিয়ে জন্ম নিল এক ছেলে শিশু। গত সোমবার বিকেলে মুজাফফরনগরের মনসুরপুরে বাড়িতেই এই শিশুটির জন্ম হয়। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। গ্রামবাসীরা শিশুটির জন্মকে ‘অলৌকিক ঘটনা’ হিসেবে অভিহিত করছেন।

মুজাফফরনগরের বাসিন্দা মোহাম্মদ ইরফানের (৩৫) স্ত্রী রুকসানা (৩০) এমন সন্তান জন্ম দেন। মেরঠের লালা লাজপত রাই মেমোরিয়াল (এলএলআরএম) মেডিকেল কলেজের চিকিৎসকদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, ওই হাসপাতালেই শিশুটির চিকিৎসা চলছে।

হাসপাতালটির পেডিয়াট্রিক বিভাগের প্রধান ড. নবরতন গুপ্তা বলেন, ‘শিশুকে যখন ভর্তি করা হয়েছিল, তখন তার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। তাকে অক্সিজেন সরবরাহ করা হয়েছে। বর্তমানে টিউবের মাধ্যমে খাওয়ানো হচ্ছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।’

নবরতন গুপ্তা জানান, এমন ক্ষেত্রে সাধারণত দুটি শিশু একসঙ্গে জুড়ে থাকে। এই ধরনের ঘটনা খুব বিরল। যমজ সন্তান হওয়ার জটিলতা দেখা দেয়। একজন সম্পূর্ণরূপে বিকশিত হয়েছে। অপরজন হয়নি। তার কেবল হাত পা বিকশিত হয়েছে।

তিনি আরো জানান, শিশুটির বাবার সঙ্গে কথা হয়েছে। তাতে জানা গেয়েছে, এটি তার চতুর্থ সন্তান। এর আগে তিনটি কন্যা সন্তান রয়েছে তার। বাড়িতে শিশুর প্রসব করানো হয়েছে। পরিবারের সদস্যরা জানান, জন্মের পর নবজাতকের অবস্থা স্বাভাবিক ছিল। পরে তার শ্বাসকষ্ট শুরু হয়।

শিশুটির বাবা ইরফান জানান, তার ইচ্ছা শিশুটি যেন চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে ওঠে। মেডিকেল কলেজেই যেন নবজাতকের চিকিৎসা হয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া