গোলাপবাগ মাঠে কাল সমাবেশের অনুমতি পেল বিএনপি - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোলাপবাগ মাঠে কাল সমাবেশের অনুমতি পেল বিএনপি

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২২ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে আগামীকাল শনিবার বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করছেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন আজ শুক্রবার বিকেলে সাংবাদিকদের বলেন, গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতির বিষয়টি তাঁদের জানিয়েছেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ের ফটকের সামনে বেলা ৩টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহিদ হোসেন। তিনি বলেন, তাঁরা রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সমাবেশ করার অনুমতি চেয়েছিলেন। কিন্তু সেখানে খেলা চলার কারণে পুলিশ অনুমতি দেয়নি। পুলিশ গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে।

জাহিদ হোসেন বলেন, আগামীকাল গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ হবে।

প্রায় তিন মাস আগে বিএনপি ১০ বিভাগীয় শহরে গণসমাবেশ কর্মসূচির ঘোষণা দেয়। ঢাকায় ১০ ডিসেম্বর গণসমাবেশ করতে নয়াপল্টনের জন্য অনুমতি চেয়ে গত ১৩ নভেম্বর ও ২০ নভেম্বর ডিএমপি কমিশনারের কাছে লিখিত আবেদন করেছিল বিএনপি।