খুলনাকে প্রথম হারের স্বাদ দিয়ে জয়ে ফিরল রাজশাহী - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনাকে প্রথম হারের স্বাদ দিয়ে জয়ে ফিরল রাজশাহী

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ১০, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্যটা একেবারে হাতের নাগালের না হলেও অসম্ভব কিছু ছিল না। ১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শুরু থেকেই যেন পথহারা পথিক খুলনা টাইগার্স।টানা দুই জয়ের পর প্রথম পরাজয়ের স্বাদ পেল মেহেদী হাসান মিরাজরা। অন্যদিকে, খুলনাকে হারিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরল দুর্বার রাজশাহী।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ইয়াসির আলি রাব্বি আর রায়ান বার্লের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়েছিল রাজশাহী। জবাবে ১৯ দশমিক ৩ ওভারে অলআউট হওয়ার আগে ১৫০ রান তুলেছে খুলনা। ২৮ রানের জয় পেয়েছে এনামুল হক বিজয়রা।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) সিলেটে দিনের প্রথম ম্যাচে টস জিতে দুর্বার রাজশাহীকে শুরুতে ব্যাটিংয়ে পাঠায় খুলনা টাইগার্স। দুই ওপেনার মোহাম্মদ হারিস এবং জিসান আলমের কল্যানে উদ্বোধনীতে ৪৪ রানের জুটি হলেও মাত্র ২৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ফেলে দুর্বার রাজশাহী। একে একে বিদায় নেন ওপেনার মোহাম্মদ হারিস ও ওয়ানডাউনে নামা এনামুল হক। দ্রুত আউট হয়েছেন এসএম মেহরাব এবং জিসানও।

ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরেন ইয়াসির আলী চৌধুরী এবং রায়ান বার্ল। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় রাজশাহী। ইয়াসির এবং বার্ল দুজনই ফিফটির পথে ছিলেন। যদিও পঞ্চাশের দোড়গোড়ায় গিয়ে সাজঘরে ফিরেছেন রাব্বি। ২৫ বলে ৪১ রানে থামেন। অন্যদিকে ২৯ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন বার্ল। ৯ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেছেন আকবর আলী।

রান তাড়ায় শুরু থেকেই বিপদে ছিল খুলনা। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার উইলিয়াম বোসিস্তোর উইকেট হারায় দলটি। তিনে নেমে ব্যর্থ হয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৭ বলে ১ রানের ইনিংস খেলে বিদায় নেন মিরাজ।

উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি নাঈম শেখ। ২৮ বলে ২৪ রান করেছেন ফিরেছেন তিনি। লড়াইয়ের আভাস দিয়েছিলেন আফিফ। তিনিও টিকতে পারেননি। আউট হয়ে গেছেন ৩০ বলে ৩৩ রান করে। ছয়ে নামা ইমরুল কায়েস ঝড় তোলার আভাস দিয়ে ৬ বলে ১৭ রান করেন ফিরেছেন। শেষ দিকে হারের ব্যবধান কমিয়েছেন নাসুম আহমেদ। ১৯.৩ ওভারে ১৫০ রানে অলআউট হয়েছে খুলনা টাইগার্স।

রাজশাহীর হয়ে ২টি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, সোহাগ গাজী এবং রায়ান বার্ল। ১টি করে উইকেট তোলেন জিসান আলম, এসএম মেহেরাব, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং শফিউল ইসলাম।