ক্যারিয়ার সেরা বোলিং রিশাদের, ম্যাচসেরা হয়ে যা বললেন - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্যারিয়ার সেরা বোলিং রিশাদের, ম্যাচসেরা হয়ে যা বললেন

জনবার্তা প্রতিবেদন
জুন ৮, ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের একজন লেগ স্পিনার বিশ্বমঞ্চে ব্যাটারদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন। তাঁকে নিয়ে ধারাভাষ্যকক্ষে ওয়াকার ইউনুস, রমিজ রাজার মুখে প্রশংসার ফুলঝুরি। এমন কিছু তো স্বপ্নই ছিল। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন রিশাদ হোসেন।

এটিই রিশাদের প্রথম বিশ্বকাপ। নিজের ভেতরের সে চাপ তো ছিলই। তার ওপর একজন লেগ স্পিনারকে নিয়ে বাংলাদেশ বাজি ধরেছে, প্রত্যাশার সেই চাপও রিশাদের ওপর পড়া স্বাভাবিক ছিল। যদিও নিজেকে প্রমাণ করেই এতদূর এসেছেন রিশাদ।

তারপরেও বড় মঞ্চের উত্তাপ তো সব সময় অন্যরকম। তবে সেটি দুর্দান্তভাবেই উতরে গেছেন রিশাদ। ১৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সেরা বোলিং করেছেন এই লেগি। চার ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

১৫তম ওভারে নিজের দ্বিতীয় ওভারে প্রথম উইকেটের দেখা পান রিশাদ। তাকে স্লগ সুইপ করে উড়িয়ে মারতে গিয়েছিলেন চারিথ আশালাঙ্কা। ডিপ স্কয়ার লেগে তিনি ধরা পড়েন সাকিব আল হাসানের হাতে। ২১ বলে ১৯ রান করেন আশালাঙ্কা। পরের বলেই রিশাদ পেয়ে যান শ্রীলঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার উইকেট।

ঠিক পরের বলে রিশাদ পেয়েছেন দ্বিতীয় উইকেট। লেগ সাইডে ঘুরিয়ে খেলতে গিয়ে আউটসাইড-এজড হন হাসারাঙ্গা। স্লিপে তার ক্যাচ নেন সৌম্য সরকার।

সেরা বোলিং ফিগারের পথে রিশাদের তৃতীয় শিকার ধনাঞ্জয়া ডি সিলভা। ফ্লাইট আর টার্নে পরাস্ত হন এই মিডল অর্ডার ব্যাটার। উইকেটের পেছনে স্টাম্পিংয়ের কাজ সারেন লিটন দাস। ধনঞ্জয়ার উইকেটের মধ্য দিয়ে সাকিব ও মেহেদী হাসান পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক ইনিংসে ৩ উইকেট নেন রিশাদ। স্বপ্নের মতো এক শুরুই বলা যায়।