আদালত বর্জন করে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের মিছিল - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আদালত বর্জন করে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের মিছিল

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ৩, ২০২৪ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

তৃতীয় দিনের মতো আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা। সরকারের পদত্যাগ, গণতন্ত্র, আইনের পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেছেন তারা।

বুধবার (৩ জানুয়ারি) তারা আদালত বর্জনের পর বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও মহানগর দায়রা জজ আদালত প্রদক্ষিণ করে ঢাকা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। এসময় তারা ‘ডামি নির্বাচন’ বন্ধের দাবিতে নানা স্লোগান দেন।

এসময় ঢাকা বারের সাবেক সভাপতি মোহসীন মিয়া, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম, মোসলেহ উদ্দিন জসিম, ওমর ফারুক ফারুকী, জামায়াতপন্থি ল’ইয়ার্স কাউন্সিলের নেতা এস এম কামাল উদ্দিন, আব্দুর রাজ্জাকসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে ২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ১ থেকে ৭ জানুয়ারি সারাদেশের সব আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেন। এর অংশ হিসেবে সোমবার ও মঙ্গলবার ঢাকার নিম্ন আদালতে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা আদালত বর্জন করেছেন।