আইন মেনে হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালানোর নির্দেশ হাইকোর্টের - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইন মেনে হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালানোর নির্দেশ হাইকোর্টের

জনবার্তা প্রতিবেদন
মার্চ ১২, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর হোটেল ও রেস্তোরাঁগুলোতে আইন অনুযায়ী অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে অভিযানের নামে হয়রানি করা কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১২ মার্চ) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।

এর আগে গত ১১ মার্চ রাজধানীর হোটেল ও রেস্তোরাঁগুলোতে হয়রানিমূলক অভিযান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটে হোটেল ও রেস্তোরাঁর মালিকরা সব শর্তপূরণে সময় চেয়ে আবেদন করেন।

গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এরপর থেকে রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে ৮৭২ জনকে গ্রেফতার এবং প্রায় ২০টি মামলা দায়ের করা হয়েছে। আর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ৮৮৭টি ক্ষেত্রে।