অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১১, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে একটি হালকা বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে বিমানের ৩ আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এক বিবৃতিতে পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার (১১ অক্টোবর) সকালে ওই দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনি থেকে প্রায় ৮৫ কিলোমিটার (৫৩ মাইল) দক্ষিণে অবস্থিত শেলহারবার বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ১০টার দিকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়।

পুলিশ আরও জানিয়েছে, ভূমিতে আঘাত করার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ নিউ সাউথ ওয়েলসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসি) ওয়েবসাইটে প্রকাশিত আকাশ থেকে তোলা ছবিতে রানওয়ের ওপর বিমানের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে।

এছাড়া ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে এবং অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।